ইন্টারনেট আসক্তি কমাতে মুরগীর বাচ্চা!

২২ নভেম্বর, ২০১৯ ২১:৩৪  
ইন্টারনেটে আসক্তি কমাতে শিশুদের মধ্যে দুই হাজার মুরগির বাচ্চা ও দেড় হাজার মরিচের বীজ বিতরণ করেছে ইন্দোনেশিয়ার একটি শহর কর্তৃপক্ষ। দেশটির রাজধানী জাকার্তা থেকে দেড়শ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বানডাং শহর কর্তৃপক্ষ  এই প্রকল্প বাস্তাবয়ন করছে বলে খবর দিয়েছে সিএনএন। গত সপ্তাহের শুরুতে শিশুদের নিয়ে এই পাইলট প্রোগ্রামটি উদ্বোধন করেন শহরের মেয়র ওডেড এম দানিয়েল। তিনি শিশুদের হাতে মুরগির বাচ্চা ও বীজ তুলে দেন। খবরে জানানো হয়, শিশুদের স্মার্টফোন ও স্মার্টটিভি থেকে দূরে রাখতে ১২টি স্কুলের মধ্যে এই সব উপকরণ বিতরণ করা হয়। মুরগির বাচ্চা লালনপালন ও বীজ বুনে গাছের পরিচর্যায় কমবে শিশুদের স্ক্রিন আসক্তি, এমনটিই আশা প্রকাশ করছেন কর্তৃপক্ষ। গ্লোবাল ডিজিটাল রিপোর্ট ২০১৯ অনুযায়ী, ইন্দোনেশিয়ার মানুষ গড় প্রতিদিন সাড়ে আট ঘণ্টারও বেশি অনলাইনে সময় কাটায়। যা বৈশ্বিক মাপকাঠি দুই ঘণ্টা থেকে বেশি।